Published : 10 Apr 2026, 11:45 AM
লক্ষ্মীপুরের সদর উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধারের খবর জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মো. আমিনুল।
ওই গ্রামের দিদার হোসেনের ছেলে নিহত ৩০ বছর বয়সী ফরহাদ হোসেন পেশায় অটোরিকশা চালক ছিলেন।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম বলেন, পাওনা টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার রাত ২টার দিকে এক ব্যক্তি তার স্বামীকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ফরহাদ রাতে আর ফেরেনি। ভোরের দিকে তার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, “সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে স্বামীর মরদেহ পড়ে থাকার খবর পাই। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। তার চোখ উপড়ে ফেলা হয়েছে।”
প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড মনে হচ্ছে জানিয়ে এসআই আমিনুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।