২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবনের দেয়ালে ধস, দগ্ধ ৩

বিস্ফোরণে বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশাপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 11:13 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

নারায়ণগঞ্জ শহরে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি তিনতলা ভবনের নিচতলার দেয়াল ধসে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিনজন। 

শুক্রবার সন্ধ্যায় শহরের পশ্চিম দেওভোগ এলাকায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান।

আহতরা হলেন- ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপনসহ তিনজন।

বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণে বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাচ ভেঙে গেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান।

তিনি বলেন, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।