Published : 20 Apr 2026, 09:37 PM
ঝালকাঠির নলছিটিতে প্রায় দুই মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার জেলা প্রশাসক মমিন উদ্দিন বলেন, প্রশাসনিক কাজ চালিয়ে নিতে আপাতত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী ইউএনও নিয়োগের প্রক্রিয়া চলছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পৌরসভার বাসিন্দা রাকিব হোসেন বলেন, তিনি রোববার জমির সমস্যার জন্য ইউএনওর খোঁজ নিতে অফিসে যান। তখন এক কর্মকর্তা তাকে জানান, ইউএনও জেলায় কাজে গেছেন এবং মঙ্গলবার ফিরবেন।
উপজেলার তিমিরকাঠি গ্রামের আবদুর রহমান বলেন, তিনি সন্তানের জন্মনিবন্ধনের জন্য গিয়েছিলেন। কিন্তু ইউএনও অফিসে না থাকায় কাজও হচ্ছে না।
একজন সরকারি কর্মকর্তা বলেন, “স্থায়ী ইউএনও না থাকলে বিভিন্ন দপ্তরের কাজ করতে সমস্যা হয়।”
১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মো. নজরুল ইসলাম ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে প্রায় দুই মাসের জন্য ইউএনও হয়ে আসেন লাভলী ইয়াসমিন। তিনি চলে যাওয়ার পর ২০২৫ সালের ২৬ নভেম্বর জোবায়ের হাবিব ইউএনও হিসেবে যোগ দেন।
কিন্তু চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি প্রশিক্ষণে চলে গেলে পদটি খালি হয়ে যায়। এরপর ঝালকাঠি সদর উপজেলার ইউএনও সেগুফতা মেহনাজকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি এখন সদরের পাশাপাশি নলছিটি উপজেলা ও পৌরসভার দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, একজন কর্মকর্তার ওপর এত দায়িত্ব থাকায় অনেক কাজ সময়মত করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা কাওসার সিকদার, মামুন হোসেন, রাকিব হোসেন ও বাপ্পি হাওলাদার বলেন, নতুন কর্মকর্তা এলেও অল্প সময়ের মধ্যে বদলি হয়ে যান।