পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, ইউপি সদস্যের বাড়িতে আগুন
“হাঁটুসহ তার শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতে জখম করা হয়।”
পাবনায় শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে অনন্ত এলাকার দক্ষিণ রাঘবপুরে সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান।
নিহত আরাফাত (১৮) ওই এলাকার ওমর আলীর ছেলে। তিনি পাবনা পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে।
ওসি বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাবনা সদর উপজেলার দোখাছি ইউনিয়ন পরিষদের সদস্য শহিদ মেম্বরের কিছু অনুসারীর সঙ্গে আরাফাতসহ সংশ্লিষ্টদের বিরোধ চলছিল। এর জেরে আরাফাতের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।
“এ সময় হাঁটুসহ তার শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতে জখম করা হয়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে সেখানে আরাফাতের মৃত্যু হয়।”
এর পরপরই ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় আরাফাতের স্বজন ও বন্ধুরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি আব্দুস সালাম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। ঘটনাটি তদন্ত ব্যবস্থা নেওয়া হবে।”
আরাফাতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
