১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ১১ দিনের মাথায় বিএনপির কমিটি বাতিল

“কমিটি গঠনের পর সদস্যরা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িয়ে পড়েন।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 06:53 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

কমিটি গঠনের ১১ দিনের মাথায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন কমিটি বাতিল করে দিয়েছে বিএনপি।  

১৯ ডিসেম্বর মো. মাসুদ মোল্লাকে আহ্বায়ক করে উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির নয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। 

সোমবার উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম স্বাক্ষরিত চিঠিতে সেই কমিটি বাতিল করে দেওয়া হয়। 

কাশিয়ানী উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম বলেন, “কমিটি গঠনের পর সদস্যরা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িয়ে পড়েন। এ সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আসে। অভিযোগের সত্যতা পেয়ে ওই কমিটি বাতিল করা হয়েছে।”

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ বিএনপি করতে পারবে না। দলের কেন্দ্রীয় কমিটি এ ধরনের সিদ্ধন্ত নিয়েছে। এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল করা হয়েছে।”

ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির বাতিল হওয়া কমিটির আহ্বায়ক মো. মাসুদ মোল্লা বলেন, “জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু সম্প্রতি ওড়াকান্দি ইউনিয়নের আড়কান্দি গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। মঞ্জুর আমন্ত্রণে লিফলেট বিতরণে যোগ দেই। 

“মঞ্জু জেলা বিএনপির কমিটিতে আছেন কিনা তা আমি জানি না। সেখানে যোগ দেওয়ায় নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ অপরাধে আমাদের কমিটি বাতিল করা হয়েছে।”