চুয়াডাঙ্গায় পৌনে দুই কোটি টাকার সোনার বার জব্দ, আটক ২
সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে প্রায় পৌনে দুই কোটি টাকার আটটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য সীমান্তরক্ষা বাহিনীর।
মঙ্গলবার সকালে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী।
আটকরা হলেন- দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯) এবং একই গ্রামের খোদা বকসের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।
বিজিবির হায়দার আলী বলেন, গোপন খবর পেয়ে সোমবার রাতে বিজিবির একটি দল সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় অবস্থান নেয়। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুজনকে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা।
এ সময় মোটরসাইকেলসহ দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয় বলে জানান তিনি।
আটকদের মধ্যে মোমিনের শরীর তল্লাশি করে এক কেজি ১৬২ গ্রাম ওজনের আটটি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭২ লাখ টাকা বলে জানান হায়দার আলী।
তিনি বলেন, আটকরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারগুলো বহন করছিলেন।
এ ঘটনায় বিজিবির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
