প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জেলা বিএনপি নেতাদের
তবে খালেদ হোসেন পরাগ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলেছেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন পাবনা জেলা বিএনপি নেতাদের একাংশ।
তাদের অভিযোগ, পরাগ সরকারি পদমর্যাদা ও সুযোগ-সুবিধার ‘অপব্যবহার’ করছেন এবং পাবনার বিভিন্ন সরকারি দপ্তরে ‘প্রভাব বিস্তারের চেষ্টা’ করছেন।
সোমবার দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগ তারা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এই বিএনপি নেতারা বলছেন, আলোচিত্রী পরাগের বিরুদ্ধে প্রয়োজনীয় দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ২৪ অগাস্ট প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের কাছেও তারা লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
তবে খালেদ হোসেন পরাগ দাবি করেছেন, এসব অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগের যে কপি দেওয়া হয়েছে, তাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য মাহমুদুননবী স্বপন এবং মোসাব্বির হোসেন সনজুর স্বাক্ষর রয়েছে।
চিঠির একটি অনুলিপি প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপি নেতা নূর মোহাম্মদ মাসুম বগা।
তিনি বলেন, পরাগ তার পদমর্যাদা ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী মহলে ‘চাঁদাবাজি’ এবং নিরীহ মানুষকে ‘মামলার ভয়ভীতি’ দেখাচ্ছেন।
“সরকারি সংস্থা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার হুমকি দিচ্ছেন, চাকরি প্রদান ও সরকারি সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ঘুষ আদায় করছেন, সরকারি কর্মকর্তাদের ওপর অসংগত চাপ সৃষ্টি কর যাচ্ছেন।”
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, পরাগকে একাধিকবার তার এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সতর্ক করা হলেও তিনি তা ‘তোয়াক্কা করেননি’।
অভিযোগকারীরা এ বিষয়ে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের হস্তক্ষেপ কামনা করেন।
জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্য জ্যেষ্ঠ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও সংবাদ কর্মীদের বিস্তারিত প্রশ্নের জবাব তারা দেননি।
পরে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন, “এটি আমাদের একটি অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। তাই এ নিয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত মন্তব্য করব না।”
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ সাংবাদিকদের বলেন, “পাবনার বিএনপি নেতাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তারা কেন আমাকে প্রতিপক্ষ বানিয়ে এসব অভিযোগ তুলেছেন, তা আমার বোধগম্য নয়।
“মূল বিষয় হল, আমি পাবনার বিতর্কিত ঠিকাদার বালিশকাণ্ডের হোতা শাহাদত হোসেনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সেই কারণে তার কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়া একটি গোষ্ঠী একজোট হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে।”
