ময়মনসিংহে পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার
“স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন।”
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয় বলে ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার জানান।
তিনি বলেন, গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি তোলা হচ্ছিল। একপর্যায়ে গুলিগুলো দেখতে পান শ্রমিকরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলি উদ্ধার করে।
ওসি বলেন, “গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কিনা।
“তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।”
