দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা বিএনপি নেতার ছেলের
ফাহিমের বাবা নয়ন ভুঁইয়া চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের এক নেতা।
সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম ভূঁইয়া তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তার বাবা নয়ন ভুঁইয়া চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। ফাহিম এ বছর চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।
বৃহস্পতিবার বিকালে বাড়িতে ফাহিমের দুধ দিয়ে গোসল করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও হাস্যরস চলছে।
এ বিষয়ে কথা বলতে ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে তার বাবা নয়ন ভূঁইয়া বলেন, “গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনার পর ১২টি মামলা হয়েছে। যৌথ বাহিনী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা আমাকে জানিয়েছেন, ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে আমার ছেলের নাম আছে। তখনই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়।
“ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি ২০২১ সালে গঠিত হয়। তখন আমার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ সময় তার বয়স ছিল ১১ বছর আট মাস। এ বয়সে সে কীভাবে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হতে পারে?”
বিএনপি নেতা বলেন, “কে বা কারা তার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, তা আমরা জানি না। দুই দিন আগে জানতে পেরে আমার ছেলে দুধ দিয়ে গোসল করে ওই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়। আজ থেকে ছাত্রলীগের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই।”
চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের প্রায় সবাই পলাতক। এ কারণে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
