২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

পারিবারিক বিরোধের জেরে কামাল হোসেনকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

কুমিল্লায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নিহত কামাল হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 08:38 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

কুমিল্লার বরুড়া উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরে পৌর সদর বাজারের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন পাটোয়ারি।

নিহত কামাল হোসেন (৩৮) সদর উপজেলার প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে কামাল হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে গলায় ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক বিরোধের জেরে কামাল হোসেনকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

এ বিষয়ে জানতে বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।