শোবার ঘরের আলমারিতে মিলল ৬০ হাজার ইয়াবা, আটক ১
পিরোজপুরের একটি মার্কেটের চতুর্থ তলায় বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি মাদকের ব্যবসা করতেন বলে ভাষ্য পুলিশের।
পিরোজপুর সদরে একটি মার্কেটের চতুর্থ তলায় ভাড়া বাসার শোবার ঘরের আলমারি থেকে কোটি টাকার ইয়াবাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার ‘আলহামদুলিল্লাহ’ মার্কেটের পঞ্চমতলা ভবনের চতুর্থ তলার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান।
আটক মো. মিজানুর জামান (৪৮) বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের নুরুজ্জামান ফকিরের ছেলে। তিনি ‘আলহামদুলিল্লাহ’ মার্কেটের ওই বাসায় বসবাস করতেন। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম রয়েছে।
রোববার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির ওসি মো. আরিফুল ইসলাম এবং এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ওই মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটের চতুর্থ তলার বাসায় মিজানুরের শোবার ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে আলমারি ভেতর পাওয়া একাধিক ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী বিশেষ তৎপরতার ধারাবাহিক অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মার্কেটের চতুর্থতলায় বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি মাদকের ব্যবসা করতেন। আটক ব্যক্তির বিরুদ্ধে এসআই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
