Published : 25 Jul 2026, 08:31 PM
পদ্মা, যমুনাসহ দেশের সব নৌপথে চাঁদাবাজি, ডাকাতি এবং প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের’ উদ্যোগে শনিবার দুপুরে উপজেলার ধুলশুড়া এলাকার পদ্মা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাল্কহেড নৌযানের মালিক, শ্রমিক ও সংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাল্কহেড ড্রেজার ব্যবসায়ী সুরুজ খান। বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মারফত আলী মিয়াজী।
তিনি বলেন, দেশের নৌপথে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির কারণে বাল্কহেড নৌযানের মালিক ও শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রতিনিয়ত নৌযান চলাচলে বাধা, চাঁদা দাবি এবং ডাকাতির ঘটনায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
মালিক সমিতির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার বলেন, “বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের ফলে নৌপরিবহন খাতে ব্যয় বেড়ে যাচ্ছে।
“পাশাপাশি নৌযানের সনদপত্র তদারকির নামে বিভিন্ন সময় অযথা হয়রানি, মিথ্যা মামলা ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করা হচ্ছে; যা মালিক-শ্রমিকদের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে দেশব্যাপী ধারাবাহিক ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সেইসঙ্গে নৌপরিবহন খাতকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে নিরাপদ নৌপথ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশে বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. গফুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন আহম্মেদ, হিসাবরক্ষক আবুল বাসার, মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতির প্রতিনিধি জামাল খান এবং বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার মাস্টার বক্তব্য দেন।