২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের জন্য মাটি কাটা গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

গোপাল দারিকেল গ্রামে এ ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 11:00 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঘর নির্মাণের জন্য মাটি কেটে তৈরি করা গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরের দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপাল দারিকেল গ্রামে এ ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান। 

নিহত শিশুরা হল- ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (২) এবং রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)। তারা চাচাত ভাই-বোন।  

পরিবারের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশে খেলা করছিল দুই শিশু। এক সময় সেখানে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে গর্তের পানিতে তারা ভেসে ওঠে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি তানভীর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।