২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সম্মেলনের পর আবর্জনা পরিষ্কার করলেন বিএনপি নেতারা

সোমবার সম্মেলনে আগত অনেক নেতাকর্মী এই কনভেনশন সেন্টারে অবস্থান নিয়ে দুপুরের আহার সারেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

নওগাঁ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল শেষে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়েছেন নেতাকর্মীরা। এ ধরনের উদ্যোগের অনেকই প্রশংসা করেছেন। 

নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে নেতাকর্মীরা এই পরিচ্ছন্ন অভিযান চালান। 

তারা শহরের চক পাথুরিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারের সামনে বদলগাছি মহাসড়ক থেকে পোস্টার, প্রচারপত্র, খাবারের প্যাকেট, পানির বোতল পরিষ্কার করেন। সোমবার সম্মেলনে আগত অনেক নেতাকর্মী এই কনভেনশন সেন্টারে অবস্থান নিয়ে দুপুরের আহার সারেন।  

সোমবারের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে কাউন্সিলে ভোটাভুটির মাধ্যমে আবু বক্কর সিদ্দিক নান্নু সভাপতি, মামুনুর রহমান রিপন সাধারণ সম্পাদক এবং নূর-ই আলম মিঠু সাংগঠনিক সম্পাদক হয়েছেন।    

বিএনপি নেতা মামুনুর রহমান রিপন বলেন, “জেলা কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু নির্দেশনা ছিল। তার অন্যতম ছিল, সমাবেশ শেষে নিজেদের ব্যবহৃত স্থান পরিষ্কার করা। সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা নিজেরা ঝাড়ু হাতে রাস্তায় নেমেছি। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ- এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ।”

তিনি বলেন, “সম্মেলনে হাজারো মানুষ এসেছেন। কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় রাস্তায় ময়লা ফেলেছেন। তাই এটা পরিষ্কার করাকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিন আহম্মেদ নিপু, রুবেল হোসেন, জুলহাস উর রশিদ, শামীনুর রহমান, সাহারাজ আলম সনি, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা এ কে হানিফ।