‘ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়া’, শ্বশুর বাড়িতে যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বশুর ও শ্যালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরে ‘ঈদের কেনাকাটা’ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুর বাড়িতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বশুর ও শ্যালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পাঁচ দিন পর বৃহস্পতিবার মধ্যরাতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান।
নিহত রবিউল ইসলাম (২৮) টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার ২ নম্বর ব্লকের তুহিন তালুকদারের ছেলে।
গ্রেপ্তাররা হলেন- রবিউল ইসলামের স্ত্রী মোসা. কারিমা (২২), কারিমার বাবা মো. আবুল কালাম আজাদ (৪৫), ভাই মো. হুমায়ুন কবির (১৯)। তারা শেরপুরের শ্রীবরদী উপজেলার বালুঘাট এলাকার বাসিন্দা। তারা গাজীপুর মহানগরের পূবাইল থানার সাতানীপাড়া এলাকায় গফুরের বাড়িতে ভাড়া থাকেন।
অপর গ্রেপ্তার মো. লিটন (৪৬) শরীয়তপুরের নাড়ীয়া উপজেলার আউটপাড়ার মো. বাবুলের ছেলে।
পুলিশ জানায়, প্রায় এক বছর আগে রবিউলের সঙ্গে কারিমার বিয়ে হয়। ঈদুল ফিতরের আগে ৮ এপ্রিল সকালে ঈদের কেনাকাটা নিয়ে রবিউলের সঙ্গে ঝগড়া করে কারিমা বাবার বাড়িতে চলে যান।
ওসি কামরুজ্জামান বলেন, “৪ মে রাত ১১টার দিকে রবিউল শ্বশুর বাড়িতে গেলে আবারও কারিমার সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে কারিমার বাবা ও ভাইসহ অন্যরা রবিউলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় রবিউল নিজ বাড়িতে চলে যান।
“৯ মে সকালে রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।”
এ ঘটনায় শনিবার রবিউলের বাবা পূবাইল থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
ওসি কামরুজ্জামান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
