২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ভোরে সীমান্ত এলাকায় আলাদা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, চাদর ও টি-শার্ট জব্দ করে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 06:31 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার ভোরে উপজেলার সীমান্ত এলাকায় আলাদা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, চাদর ও টি-শার্ট জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবির নিয়মিত টহল দল উপজেলার যশপুর ও তারাকুচা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৩৯ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দ করা মালামাল ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে জমা দেওয়া হবে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গত দুই মাসে সীমান্তে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। 

এ ছাড়া চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে বিজিবি।