২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

“কেউ হয়তো বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। কারণ বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 01:41 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ঢাকার সাভারে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রোববার ভোরে সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এলাকায় ‘ইতিহাস পরিবহনের’ বাসটিতে আগুন দেওয়া হয় বলে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানিয়েছেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে বলে সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মেহেরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। কেউ হয়তো বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। কারণ বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল।”

অপরদিকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “গাড়িটির ভেতরে সামান্য পুড়ে গেছে। তবে আগুন কিভাবে লেগেছে তা এখনো বলতে পারছি না। তদন্ত করে পরে বলতে পারব।”

ওসি জুয়েল মিঞা বলেন, “রাজফুবাড়িয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের সনাক্তের চেষ্টা চলছে।

“এছাড়া গেন্ডা এলাকায় যে বাসটিতে আগুন লেগেছিল মশার কয়েলের আগুন থেকে। চালক মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল; সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন।”