ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরিশালে ১১ জেলেকে লাখ টাকা জরিমানা
অভিযানের সময় জেলেদের কাছ থেকে ১৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মেঘনা নদী থেকে আটক ১১ জেলেকে প্রায় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস শিকদার তাদের এ জরিমানা করেন বলে জানান হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি বলেন, সকালে সেনাবাহিনীর নেতৃত্বে নৌ-পুলিশ ও মৎস্য দপ্তরের একটি দল মেঘনার তীরে মেঘনা বাজার, দুর্গাপুর লঞ্চঘাট ও হরিনাথপুরের বদরটুনি এলাকায় অভিযান চালায়। এ সময় ১১ জেলেকে আটক ও ১৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আটজনকে ১০ হাজার করে, একজনকে নয় হাজার ও দুইজনকে পাঁচ হাজার করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
এ ছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে বেপরোয়া হয়ে উঠেছিল। দুই দিন ধরে সেনাবাহিনী অভিযান চালানোর পর নদীতে নামছেন না জেলেরা।
