শেরপুর কারাগার থেকে পালানো আরও এক আসামি গ্রেপ্তার
পালিয়ে যাওয়ার পর তিনি শেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক আরও এক আসামিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে শেরপুর শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৪ জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান।
গ্রেপ্তার সুমন মিয়া (৪০) শেরপুর শহরের নবীনগর এলাকার ফটিক ড্রাইভারের ছেলে। তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর আব্দুর রাজ্জাক বলেন, “৫ অগাস্ট বিকাল ৪টার দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার মানুষ আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে। পরে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদিদের পালাতে সহায়তা করে।
“ওই ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-১৪ জামালপুর কোম্পানি শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক থেকে পাওয়া পলাতকদের তালিকা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।”
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সুমনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ঘটনার দিন তিনি অন্য হাজতি ও কয়েদিদের সঙ্গে কৌশলে কারাগার থেকে পালিয়ে যান এবং এরপর শেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।
