যশোরে ট্রাকের নিচে ঢুকে গেল ভ্যান, চালক ও আরোহীর মৃত্যু
এ ঘটনায় আহত গৃহবধূ ও তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
যশোরের মনিরামপুর উপজেলায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ভ্যানচালক ও আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই আরোহী।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে যশোর-চুকনগর মহাসড়কে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে বলে জানান মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী।
নিহতরা হলেন- উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৪৫) এবং একই উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম হোসেন (৫৫)।
আহতরা হলেন- নড়াইল জেলার জহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সি মেয়ে। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি নূর মোহাম্মদ বলেন, চারজন যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি চুরমার হয়ে ঘটনাস্থলে চালক মোসলেম নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুপা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি নূর মোহাম্মদ।
ঘটনার পর পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
