১৯ বছর পর নতুন নেতৃত্ব পেল বাগেরহাট পৌর বিএনপি
শেখ শাহেদ আলী রবি হয়েছেন সভাপতি; সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল ইসলাম জুয়েল।
বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শেখ শাহেদ আলী রবি সভাপতি ও সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মহিতুজ্জামান দুলাল ও শেখ আবুল কালাম আজাদ। শনিবার রাত ৯টায় নির্বাচন মনিটরিং সেলের প্রধান লায়ন ফরিদুল ইসলাম ফল ঘোষণা করেন।
শেখ শাহেদ আলী রবি সভাপতি পদে ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসকেন্দার হোসেন পেয়েছেন ২৪৭ ভোট।
সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল ৩০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরক মিনা পেয়েছেন ২২৫ ভোট।
মহিতুজ্জামান দুলাল ৩৬৭ ভোট ও শেখ আবুল কালাম আজাদ ৩৪৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
নির্বাচনে শাহেদ-হিরক-মহিতুজ্জামান পরিষদ এবং এসকেন্দার-জুয়েল-আজাদ-নাহিদ পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
দীর্ঘ ১৯ বছর পর বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। এতে পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।
