নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
কীভাবে তিনি ট্রেনের নিচে পড়েছেন, তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ভিন্নতা রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ।
নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি।
স্টেশনে থাকা ঝালমুড়ি বিক্রেতা সেন্টু বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি স্টেশনে থামার আগে ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের নিচে পড়ে যান।
তবে স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ বলছেন, ট্রেনে ওঠার সময় তিনি পড়ে যান।
তিনি বলেন, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
হারুন অর রশিদ বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
