Published : 23 Jul 2026, 01:47 PM
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর শিক্ষিকার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, বুধবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে বৃহস্পতিবার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল উদ্দিন (৫৫)।
মামলার বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে স্কুলছাত্রী তার শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। তখন শিক্ষিকা বাড়ি ছিলেন না। শিক্ষিকার বাবা দরজা খুলে স্কুলছাত্রীকে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। পরে ৫০০ টাকা তার হাতে দিয়ে বিষয়টি কাউকে না বলতে হুঁশিয়ারি দেন।
ছাত্রী বাড়ি এসে বিষয়টি স্বজনদের জানায়। পরে সন্ধ্যায় এলাকাবাসী কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।