২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা

অভিযানে দুটি ভারতীয় গরু জব্দ ও গুরুতর আহত বিজিবি সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে বিজিবি জানায়।

সিলেটের সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা
গোয়াইনঘাট থানা

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 11:49 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

সিলেটের সীমান্তে অভিযানের সময় বিজিবির এক সদস্যের ওপর চোরাকারবারীদের হামলার ঘটনায় মামলা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, “উপজেলার দমদমীয়া সীমান্তে চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা করেন। মঙ্গলবার সকালে মামলাটি রেকর্ড করা হয়।” 

তিনি আরও বলেন, “আসামিদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।” 

মামলার এজাহারে বাদী বলেন, গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া ভীতরগুল এলাকায় সীমান্তের ১২৬১ পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চোরাকারবারীরা ভারত থেকে গরু আনার খবর আসে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযানে গিয়ে চোরাকারবারীদের ধাওয়া করেন। তখন ৪০-৫০ জন চোরাকারবারি বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে। এ ছাড়া হামলাকারীরা ধারালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাম হাতের কবজির নিচে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।

হামলাকারীরা পরে অভিযানে অংশ নেওয়াদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে মামলার এজাহারে দাবি করা হয়। 

অভিযানে দুটি ভারতীয় গরু জব্দ ও গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।