২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষখালী নদীতে বড়শিতে আটকা পড়ল শুশুকজাতীয় প্রাণী

বেতাগী ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রাণীটি আটকা পড়ে।

বিষখালী নদীতে বড়শিতে আটকা পড়ল শুশুকজাতীয় প্রাণী
বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রাণীটি ধরা পড়ে

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 06:36 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে ধূসর বর্ণের একটি শুশুকজাতীয় প্রাণী বড়শিতে আটকা পড়েছে।

শনিবার সন্ধ্যার পর বেতাগী ফেরিঘাট সংলগ্ন নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রাণীটি আটকা পড়ে বলে জানিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

তিনি বলেন, বিষয়টি জানার পর বনবিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাণীটিকে উদ্ধারে বনবিভাগের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।

স্থানীয়রা বলেন, জেলে জলিল মৃধা প্রতিদিনের মত কয়েকজনকে নিয়ে বিষখালী নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তার বড়শিতে বড় আকৃতির প্রাণীটি আটকে যায়। জেলেরা প্রাণীটিকে নদীর তীরে তুলে আনেন। এ সময় স্থানীয়রা এটিকে ‘ডলফিন’ বলে ধারণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছুক্ষণ পর প্রাণীটি মারা যায়।

জলিল মৃধা বলেন, “খাবারের সন্ধানে নদীর তীরবর্তী এলাকায় আসার সময় অসাবধানতাবশত প্রাণীটি বড়শিতে আটকে যেতে পারে বলে ধারণা করছি।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ বেতাগী ফেরিঘাট এলাকায় ভিড় করেন।

প্রত্যক্ষদর্শী সুমন পাটনি বলেন, “সন্ধ্যায় ফেরিঘাটে গিয়ে দেখি জেলেদের বড়শিতে একটি শুশুকজাতীয় প্রাণী ধরা পড়েছে। পরে সেটিকে আর নড়াচড়া করতে দেখা যায়নি।”

বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী ডলফিন ও শুশুক সংরক্ষিত বন্যপ্রাণী। এসব প্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয় বা পরিবহন দণ্ডনীয় অপরাধ।