১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গহনা নিয়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে ‘গাছে বেঁধে নির্যাতন’

নাটোরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 01:15 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গহনা নিয়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ চারজনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। 

বুধবার বিকালে উপজেলার মৌখারা কদমতলা এলাকার সাবেক কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বাসিন্দা বাদশার স্ত্রী আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে প্রতিবেশী মতিন সরকার, জুয়েলের স্ত্রী ও টুটুলের মায়ের কাছ থেকে কিছু গহনা ধার নেন। তিন মাস পার হলেও গহনা ফেরত দেননি বলে দাবি মালিকদের।

গহনা ফেরত চাওয়ায় বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার কথা বলে বড়াইগ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহরমের বাড়িতে দু্পক্ষকে নিয়ে সালিশ বসে।

সেখানে উত্তেজনার এক পর্যায়ে বাদশা ও তার স্ত্রী, বাদশার বাবা ও তার শাশুড়িকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ ছাড়া গহনাও ফেরত দেওয়া হয় বলে ভাষ্য পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “যাদের বেঁধে রাখা হয়েছিল, পুলিশ যাওয়ার পরেই তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় এখনো কোনও লিখিত অভিযোগ পাইনি।”

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

এ বিষয় ভুক্তভোগী ও গহনা ধার দেওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।