২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গাছে ধাক্কা দিয়ে প্রাইভেট কার চালকসহ নিহত ২

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে হতাহত পাঁচজনকে পায় হাইওয়ে পুলিশ।

বাগেরহাটে গাছে ধাক্কা দিয়ে প্রাইভেট কার চালকসহ নিহত ২
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের মেঝের গাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 01:28 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের মেঝের গাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক তারেক (৩৫) ও রিয়াদ (৪০)। আহতরা হলেন, হাবিবুর রহমান, রাসেল ও সোহরাব হোসেন। হতাহতদের সবার বাড়ির কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে।

ওসি নুরুজ্জামান চানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকারটি মেঝের গাওলা এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে গাড়ির ভেতরে হতাহত পাঁচজনকে পায় হাইওয়ে পুলিশ। এর মধ্যে প্রাইভেটকারের চালক তারেককে মৃত অবস্থায় পাওয়া যায়। 

“বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ওসি আরও বলেন, “প্রাইভেট কারটির চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”