২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফার্মেসি মালিকদের ধর্মঘট, আড়াই ঘণ্টা পর প্রত্যাহার

ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠানের সংগঠন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে তারা এ ধর্মঘট ডাকেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 10:18 PM

Updated : 26 Aug 2026, 11:18 AM

বরিশাল নগরীতে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠানের সংগঠন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর ও লুটের অভিযোগে ডাকা ধর্মঘট থেকে আড়াই ঘণ্টা পর সরে এসেছেন ফার্মেসি মালিকরা।    

এ বিষয়ে করা মামলায় জড়িত দুজনকে গ্রেপ্তারের কথা জেনে বুধবার বিকালে ডাকা ধর্মঘট সন্ধ্যা সাড়ে ৭টায় স্থগিত করা হয় বলে সমিতির বরিশাল জেলার জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম জানান। 

বরিশালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কম্পিউটার অপারেটর দেবাশিষ হালদার বলেন, তাদের সমিতির ভবনের পাশের আবাসিক হোটেল আইএকে পর্যটন হোটেলের মালিক ইকবাল আজম জমির মালিকানা দাবি করে ২১টি মামলা করেছেন।  

দেবাশিষের দাবি, জমি বৈধভাবে কেনার দলিল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রয়েছে। তবুও ইকবাল আজমের লোকজন ভোরে জমি দখলের জন্য ভবন ভাঙচুর করেছে। এ সময় কার্যালয় ভবনে থাকা নগদ অর্থও লুট হয়েছে। 

“এ ঘটনায় সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে,” বলেন দেবাশিষ হালদার। 

পরে তারা আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিকাল ৫টার দিকে নগরীর পাঁচ শতাধিক ফার্মেসি বন্ধ করে দেন। 

অভিযোগের বিষয়ে জানার জন্য আইএকে পর্যটন হোটেলের মালিক ইকবাল আজমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, ফার্মেসি বন্ধের পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা বিপাকে পড়েন। প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে রোগীর স্বজনরা হাসপাতালের সামনে বান্দ রোড অবরোধে নামেন। 

পরে বরিশাল মহানগরের পুলিশ কমিশনার ধর্মঘটকারীদের ডেকে নিয়ে জানান, মামলায় এজাহারভুক্ত চারজনের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের আশ্বাসে ধর্মঘট স্থগিতের পর ফার্মেসি খুলে দেওয়া হলে রোগীর স্বজনরাও সড়ক থেকে সরে যান।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলার জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম বলেন, ধর্মঘট শুরু পর বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নিজ কার্যালয়ে তাদের ডেকে নেন। সেখানে কমিশনার তাদের জানিয়েছেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকেও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের আশ্বাসে ফার্মেসির মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেন। 

তবে রাতের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা না হলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সমিতির বরিশাল জেলার জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম।