Published : 03 Nov 2025, 12:09 PM
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার অজ্ঞাত পরিচয় পাঁচশ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।
শ্রীপুর থানায় গত শুক্রবার রাতে ‘এএ ইয়ার্ন মিলস’ লিমিটেড কারখানার ব্যাবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন বলে রোববার বিকালে শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান।
মামলায় বলা হয়েছে, গত ২৩ অক্টোবর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করেন।
এক পর্যায়ে তারা কারখানায় বে-আইনী ধর্মঘট, দাঙ্গা-হাঙ্গামা করে কারখানার বিভিন্ন মেশিন, মূল্যবান সামগ্রী ভাঙচুর করে এবং লুটপাট চালায়।

এ সময় তারা কারখানার যন্ত্রপাতি নষ্ট করে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এসব ঘটনায় শ্রমিকেরা কারখানার প্রায় ৯৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে মামলার এজাহারে লেখা হয়েছে।
ওই শ্রমিক বিক্ষোভের পর অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে প্রধান ফটকে নোটিশ টানিয়ে দেয়।
এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, “শ্রমিকদের দাবি অনুযায়ী তাদের বকেয়া পাওনা পরিশোধ করার পরও তারা বে-আইনী ধর্মঘট, দাঙ্গা-হাঙ্গামা করে কারখানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে।
“তাদের এসব কার্যক্রমে উৎপাদনে ব্যাঘাত ঘটে এবং কারখানা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নতুন যন্ত্রপাতি স্থাপন না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব নয়।”