নবজাতককে ফেলে দেওয়ার চেষ্টা, মুচলেকা রেখে বাবা-মাকে দিল পুলিশ
নারায়ণগঞ্জ সিটির ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জে এক দম্পতি তাদের নবজাতক কন্যা সন্তানকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে। পরে শিশুটিকে উদ্ধার করে মুচলেকা রেখে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ তালুকদার জানান।
পুলিশ জানায়, শিশুটির বাবা একজন শারীরিক প্রতিবন্ধী। তবে তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শিশুটির মা গৃহিনী। তাদের বাড়ি রংপুরে। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের আরও দুটি ছেলে ও এক মেয়ে আছে। নবজাতককে নিয়ে তাদের চার সন্তান।
তারা বক্তারকান্দী এলাকার ভাড়া থাকেন। সেখানেই বুধবার রাত ২টার দিকে শিশুটির জন্ম হয়।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে শীতলক্ষ্যা নদীর পাড়ে নবজাতকটিকে প্লাস্টিকের ব্যাগে দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে এবং শিশুটির মাকে আটক করে। পরে তারা জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে শিশুটির বাবাকে ডাকিয়ে আনে।
বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ তালুকদার বলেন, “ওই দম্পতি দাবি করেছেন, তারা অভাবের তাড়নায় এটি করেছিলেন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানায়। সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল থানায় এসে মা-বাবার বক্তব্য শোনেন এবং মুচলেকা নিয়ে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করেন।”
সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল বলেন, “মুচলেকা নিয়ে শিশুটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে সমাজসেবা কার্যালয় থেকে তাদের সহযোগিতা করা হবে।”
