২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রাতে শিশুটি চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 08:04 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।  

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. লিটন (৪৫)।

মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে শিশুটি চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। পথে লিটন তাকে ভুল বুঝিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। 

বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে।