Published : 18 Apr 2026, 05:10 PM
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অ্যাম্বুলেন্স ও কভার্ড ভ্যানে জ্বালানি তেল পাচারের সময় সাতজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাইপাস সড়কের মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. সাব্বির হোসেন।
দণ্ড পাওয়ারা হলেন- সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম (২৬), একই এলাকার মো. সেরাজ (২৫), হাতিখানা এলাকার মঈনুদ্দীন (৪৮), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জাহাঙ্গীর (৩৫), সাগর (৩৫), মিস শেখ (২৪) এবং ঠাকুরগাঁওয়ের সিরাজ (২৮)।
উপজেলা প্রশাসন জানায়, কয়েকদিন ধরে একটি চক্র অবৈধভাবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও কভার্ড ভ্যানে করে বিশেষভাবে তেলের গোল ট্যাংকার বানিয়ে জ্বালানি পাচার করে আসছিল।

গোপন খবর পেয়ে নির্বাহী হাকিম মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স ও একটি কভার্ড ভ্যান আটক করে। এ সময়ে গাড়ির ভেতর থেকে জ্বালানি তেল জব্দ করা হয়। তেল পাচারের সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিকুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি ছয়জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় আটকদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী থাকায় অর্থদণ্ড প্রদানের পর তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী হাকিম সাব্বির হোসেন বলেন, গাড়ি দুটি থেকে আনুমানিক তিন হাজার লিটার অকটেন জব্দ করা হয়। পরে রাতেই পার্শ্ববর্তী দুটি পাম্পে এসব তেল জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।