‘বাবা দুর্ঘটনায় আহত’ বলে ছেলেকে অপহরণের চেষ্টা, আটক ২
স্থানীয় লোকজনের সহায়তায় পেছনে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশ।
নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে কিশোরকে অপহরণের চেষ্টা করেছে একদল দুষ্কৃতকারী।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন সৈকত (১৮) ওই গ্রামের নুরুজ্জামান মণ্ডলের ছেলে।
ঘটনায় আটকরা হলেন, রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।
সৈকতের অভিযোগ, “আমার বাবা নিয়ামতপুরে মাটি কাটার কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক আমাদের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন বলে জানান। এসময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ফেরিঘাট হয়ে রাজশাহীর দিকে যেতে থাকেন তারা। পথে কুসুম্বা এলাকায় পৌঁছে বাবা কোথায় জানতে চাইলে দুষ্কৃতিকারীরা আমার মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা চালায়।”
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, “কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়ার সংবাদে দুষ্কৃতকারীদের পেছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুই দুষ্কৃতকারীকে আটকসহ সাজ্জাদকে উদ্ধার করা হয়েছে।”
ওসি আরও বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে দুপুরে নিজের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন নওগাঁর এসপি মুহাম্মদ সাফিউল সারোয়ার।
