২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-৩: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

“৮৭ বছর বয়সের কারণে ওসমান ফারুক ভোট যুদ্ধের জন্য শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়েছেন।“

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 05:05 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে বিএনপি মনোনীত সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের প্রার্থিতা পরিবর্তনের দাবি জানিয়েছেন দলটির মনোনয়ন বঞ্চিত এক নেতা।

শুক্রবার বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা শহরের একটি হোটেলের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, “এক এগারোর কালো অধ্যায়ের সময় এম ওসমান ফারুকের বিতর্কিত ভূমিকা বিএনপি নেতাকর্মীদের হতাশ করেছিল। এ কারণে ২০০৮ সালের সংসদ নির্বাচনে তাঁকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়নি।”

দলের কঠিন সময়েও ওসমান ফারুক দলের কোনো পর্যায়ে ভূমিকা রাখেননি দাবি করে জাহাঙ্গীর আলম বলেন, “ফ্যাসিস্ট হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলনের পুরোটা সময় প্রবাসে নিরাপদে দিন কাটান এম ওসমান ফারুক। আন্দোলনে অংশ না নিয়ে প্রবাস জীবনে নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ পর্যন্ত রাখেননি।”

জাহাঙ্গীর আলম মোল্লা আরও বলেন, “৮৭ বছর বয়সের কারণে ওসমান ফারুক ভোট যুদ্ধের জন্য শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। ডিমেনশিয়ায় আক্রান্তের কারণে নেতাকর্মীদের চিনতে পর্যন্ত পারছেন না। তাই নির্বাচনী প্রচারসহ রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারছেন না।”

জাহাঙ্গীর বলেন, “সম্প্রতি মনোনয়ন পাওয়ার পর দেশে ফিরে মাত্র ছয়দিন এলাকায় ছিলেন ওসমান ফারুক। কিন্তু শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি এ সময় কোথাও যেতে পারেননি।

“এভাবে চলতে থাকলে এ আসনে বিএনপি নিশ্চিত পরাজয়ে মুখে পড়বে। তাই এই মনোনয়ন পরিবর্তনের কোনো বিকল্প নেই।”

এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পরাজয় ঠেকাতে জাহাঙ্গীর মোল্লা তাকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন খসরু, বিএনপি নেতা শাহ হেদায়েত উল্লাহ, তাজুল ইসলাম, আজিজুর রহমান, ইসমাইল সিরাজী।