২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, বাবা আশঙ্কাজনক

উত্তর কড়ইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 11:34 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বরগুনার তালতলী উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে বাবাও আহত হয়েছেন।  

রোববার দুপুরে উপজেলার উত্তর কড়ইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান।

নিহত সোহেল খান (৩০) ওই এলাকার বাবা আব্দুল আজিজ খানের (৫৫) ছেলে। 

আজিজ খান আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয় একজন ইউপি সদস্যের বরাতে পুলিশ জানায়, সকালে সোহেল তার রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির একটি গাছ কাটছিলেন। গাছটি পল্লী বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি ছিল। গাছটি কাটার পর সেটি গিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ছেলের এই অবস্থা দেখে তাকে উদ্ধারে দ্রুত এগিয়ে যান বাবা আব্দুল আজিজ খান। তাকে স্পর্শ করা মাত্র বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন।

পরে প্রতিবেশীরা ছুটে এসে বাবা-ছেলেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোহেল খানকে মৃত ঘোষণা করেন। 

পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।