Published : 11 Apr 2026, 04:49 PM
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামীকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে উপজেলার সাঁতার গুচ্ছগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করে বলে জানান ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান।
নিহত আশুরা বেগম (৩৫) উপজেলার মুন্ঝার এলাকার মছন্দার গ্রামের আইচান আলীর মেয়ে।
আটক বাবলু মিয়া (৫০) পার্শ্ববর্তী মালিগাড়ি গ্রামের মৃত মোফাজ্জল হোসেন ওরফে মফা আলীর ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, আশুরা বেগম ছিলেন বাবলু মিয়ার তৃতীয় স্ত্রী। প্রায় চার মাস আগে দাম্পত্য কলহের জেরে তাদের তালাক হয়। এরপর আশুরা তার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন।

কয়েক দিন আগে আশুরা আবার বাবলু মিয়ার বাড়িতে ওঠেন। শুক্রবার এলাকাবাসী তাদের একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরতে দেখেছেন।
ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান দাবি করেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু মিয়া বলেছেন, শুক্রবার রাতে তিনি স্টিলের পাইপ দিয়ে আশুরার মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। এরপর তিনি মরদেহটি ধানক্ষেতে ফেলে আত্মগোপনে চলে যান। পরে অভিযান চালিয়ে একটি গভীর নলকূপের ঘর থেকে তাকে আটক করা হয়।”
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।