শেরপুরে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১১ শিশু হাসপাতালে
যেসব শিশু হামরে টিকা নেয়নি তারা বেশি আক্রান্ত হচ্ছে বলে দাবি সিভিল সার্জনের।
শেরপুরে হামের প্রাদুর্ভাব বাড়ছে। ২৪ ঘণ্টায় বায়ুবাহিত এ রোগের উপসর্গ নিয়ে ১১ শিশু জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন রোগীর মধ্যে নয়জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন শেরপুরের সিভিল সার্জন চিকিৎসক মোহাম্মদ শাহিন।
মঙ্গলবার সকালে তিনি বলেন, হামের টিকা দেওয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে যেসব শিশু টিকা নেয়নি তারা বেশি আক্রান্ত হচ্ছে।
দুই সপ্তাহে জেলায় হাম উপসর্গের ৪২ রোগীকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। যাদের মধ্যে ২০ জনের নমুনা ঢাকায় পাঠানো হলেও এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
ঢাকায় নমুনা পরীক্ষার ভিড় থাকার কারণে রিপোর্ট পেতে দেরি হচ্ছে বলে সিভিল সার্জন জানান।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে সেবা প্রদানকারী চিকিৎসক, রোগী এবং রোগীর স্বজনদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন মোহাম্মদ শাহীন।
