২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কিশোরীকে ‘ধর্ষণ’, বাবার বিরুদ্ধে মামলা

পুলিশ বলছে, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

নেত্রকোণার দুর্গাপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।  

মঙ্গলবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর (১৫) মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন বলে থানার ওসি মাহমুদুল হাসান জানান।

আসামির বয়স ৫৫ বছর। তিনি দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা।

মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার ১৫ বছর বয়সী মেয়েকে তার স্বামী (মেয়ের বাবা) দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করেন। এরপর দিনের পর দিন একই রকম ভয়ভীতি দেখিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের কথা কারও কাছে বললে, পরিবারের সবাইকে খুনের হুমকি দিতেন তার স্বামী। মেয়েও ভয়ে বিষয়টি কাউকে বলেনি। 

এক পর্যায়ে মেয়ের শরীরের পরিবর্তন হয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয়। তখন মেয়েটির বাবা স্থানীয় একটি ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করান। পরে মেয়ের গর্ভে সন্তান থাকার বিষয়টি জানতে পেরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে সবার অজান্তে গর্ভপাত করান।

পরে মেয়েটি বিষয়টি তার বড় বোনকে জানালে সে পরিবারের বাকিদের ধর্ষণের বিষয়টি জানায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।  

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।