২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নিজ বাসায় নারীকে হত্যা: গ্রেপ্তার ২

“মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর তারা দুইটি মোবাইল ফোন, নগদ টাকা ও একজোড়া কানের দুল লুট করে।”

নেত্রকোণায় নিজ বাসায় নারীকে হত্যা: গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 02:25 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

নেত্রকোণা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসায় এক নারীকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বৃহস্পতিবার শহরের ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন- কলমাকান্দার হাসানোয়াগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২)।

আরেকজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় (১৫) তার নাম প্রকাশ করা হলো না। 

পুলিশ জানায়, গত ২১ মার্চ সন্ধ্যায় শহরের আরামবাগ এলাকার বাসিন্দা জেলা তথ্য কার্যালয়ের সাবেক এপিআই অপরেটর আরজান আলীর স্ত্রী মাজেদা বেগমের (৬৩) লাশ তার ঘরের বিছানা থেকে উদ্ধার করা হয়।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজীবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুরের শ্রীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে মাজেদা বেগমের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করে। এই সূত্র ধরে দুইজনকে গেপ্তার করা হয়।”

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর তারা দুইটি মোবাইল ফোন, নগদ টাকা ও একজোড়া কানের দুল লুট করে।”

গ্রেপ্তারদের বিচারিক আদালতে পাঠানো হবে। এছাড়া লুট করে নেওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।