২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’: ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে অব্যাহতি

তার বিরুদ্ধে খাস জমির ইজারায় অংশ নেওয়া ব্যক্তিদের মারধরের অভিযোগ রয়েছে।

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’: ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে অব্যাহতি
এনসিপি নেতা আসাদ খোকন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন। 

অব্যাহতি পাওয়া আসাদ খোকন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সদস্য ছিলেন। 

এর আগে বৃহস্পতিবার রাতে আসাদকে অব্যাহতি দেওয়ার একটি চিঠি সামাজিক যোগাযাগমাধ্যমে প্রকাশ পায়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসাদ খোকনের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়; যা কেন্দ্রীয় কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। 

এমতাবস্থায় আসাদকে জেলা সমন্বয় কমিটির সদস্যপদসহ সব দায়িত্ব থেকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

সেইসঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগে দুটি খাস পুকুর রয়েছে। বহু বছর ধরে পুকুর দুটি লক্ষীপুর দারুল কোরআন মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা নিয়ে উন্নয়ন কাজে ব্যবহার হয়ে আসছিল। কয়েক মাস আগে এনসিপি নেতা আসাদ পুকুরটি অবৈধভাবে দখলের চেষ্টা করেন।

পরে উপজেলা ভূমি কার্যালয় বিষয়টি জানতে পেরে উন্মুক্ত ইজারার ব্যবস্থা করেন। উন্মুক্ত ইজারার খবর জানতে পেরে আসাদ স্থানীয়দের অংশ নিতে নিষেধ করেন। ইজারায় অংশ নিলে আসাদ হত্যার হুমকিও দেন বলে অভিযোগ এলাকাবাসীর।

এর মধ্যে ১৪ অক্টোবর সকালে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মনির মিয়া, নাইম মিয়া, উজ্জ্বল মিয়া ও মাসুক মিয়া ইজারায় অংশ নিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান। সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পথচারীও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় আসাদের বিরুদ্ধে ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এ নিয়ে মানববন্ধনও করেন এলাকাবাসী। 

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আসাদ বলেন, “দাপ্তরিকভাবে আমি কোনও চিঠি পাইনি। ফেইসবুকে দেখেছি।”

পুকুর ইজারার বিষয়ে আসাদ বলেন, “আমি বৈধভাবে ইজারা পাওয়ার জন্য গিয়েছিলাম। এ নিয়ে বিএনপির এক নেতা আমার বিরুদ্ধে মানববন্ধন করান।”

ব্রাহ্মণবাড়িয়ায় উন্মুক্ত ইজারায় হামলা, এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন