২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় উন্মুক্ত ইজারায় হামলা, এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

গত ১৪ অক্টোবর সকালে নাসিরনগরে খাস জমির উন্মুক্ত ইজারায় অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় উন্মুক্ত ইজারায় হামলা, এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এনসিপি নেতার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খাস জমির উন্মুক্ত ইজারায় অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত এনসিপির নেতার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালন করা হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আসাদ খোকন।

১৪ অক্টোবর সকালে উপজেলা শহীদ মিনারের সামনে হামলার ঘটনায় বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মনির মিয়া থানায় অভিযোগ করেছেন বলে জানান নাসিরনগর থানার ওসি মো. মাকসুদ আহম্মদ।

আসাদ খোকন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য। 

দুপুরে স্থানীয় লোকজন উপজেলার ভূমি কার্যালয়ের সামনে জড়ো হন। ‘ভূমি দস্যু আওয়ামী দোসর’ লেখা ব্যানারে মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা এনসিপির নেতা খোকনের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। 

বক্তারা বলেন, উপজেলার লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগে দুটি খাস পুকুর রয়েছে। বহু বছর ধরে পুকুর দুটি লক্ষীপুর দারুল কোরআন মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা নিয়ে উন্নয়ন কাজে ব্যবহার হয়ে আসছিল। কয়েক মাস আগে এনসিপি নেতা খোকন পুকুরটি অবৈধভাবে দখলের চেষ্টা করেন। 

পরে উপজেলা ভূমি কার্যালয় বিষয়টি জানতে পেরে উন্মুক্ত ইজারার ব্যবস্থা করেন। উন্মুক্ত ইজারার খবর জানতে পেরে আসাদ স্থানীয়দের অংশ নিতে বারণ করেন। ইজারায় অংশ নিলে আসাদ হত্যার হুমকিও দেন বলে অভিযোগ এলাকাবাসীর। 

এর মধ্যে ১৪ অক্টোবর সকালে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মনির মিয়া, নাইম মিয়া, উজ্জ্বল মিয়া ও মাসুক মিয়া ইজারায় অংশ নিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান। সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পথচারীও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় মনির মিয়া থানায় অভিযোগ করেন।

বুড়িশ্বর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. হারুন মিয়া বলেন, “স্থানটি খাস খতিয়ানভুক্ত, তবে এটি রেকর্ডে পুকুর নয়, পতিত জমি। মঙ্গলবার উন্মুক্ত দরপত্রে অংশ নিতে আসা কয়েকজনকে উপজেলা শহীদ মিনারের সামনে মারধর করা হয়।

“তবে কে বা কারা মারধর করেছে, তা জানি না। পরে উপজেলা কমিশনার (ভূমি) স্যার উন্মুক্ত দরপত্রের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।”

হামলার অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা আসাদ খোকন বলেন, “খাস পুকুরের চারপাশের জমির মালিক আমার বাবা। উন্মুক্ত দরপত্রের দিন সকাল ১০টা থেকে আমি এসিল্যান্ড অফিসে ছিলাম।

“সাড়ে ১০টায় মারধরের খবর জানতে পারি। বিষয়টি এসিল্যান্ড ও ওসিও জানেন। একইদিন বিকালে বিএনপির নেতাকর্মীরা আমার ওপর হামলা চালিয়েছে।”

ওসি মাকসুদ আহম্মদ বলেন, “উন্মুক্ত দরপত্রের বিষয়টি নিয়ে উপজেলায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”