রাজবাড়ীতে জুয়ার টাকার দ্বন্দ্বে ব্যবসায়ীকে হত্যায় দুজন গ্রেপ্তার
দৌলতদিয়া যৌনপল্লীতে রোববার রাতে খুন হন ব্যবসায়ী নজরুল বেপারি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রোববার রাতে খুন হন ব্যবসায়ী নজরুল বেপারি। পরদিন পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ঢাকা ও গাজীপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- উপজেলার মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু এবং রনি মিয়া। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
ব্যবসায়ী নজরুল বেপারী উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় পান-সিগারেটের দোকান চালিয়ে আসছিলেন।
পুলিশ জানায়, রোববার রাতে যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির কার্যালয় এলাকায় নজরুলের সঙ্গে ঝড়ু ও রনি মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।
সোমবার নিহতের ভাই একটি হত্যা মামলা করেন।
