২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি ভাড়া নেওয়ার খবরে অভিযান, বাড়তি ভাড়া ফেরত

“নিয়মিত অভিযান চললে অনেক যাত্রী স্বস্তি পেত।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 04:22 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস কাউন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।  

টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে শনিবার সন্ধ্যায় এ অভিযান চালান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক। 

ইউএনও বলেন, “গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে গোপনে খবর পাই। তখন পৌর বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাই।

“এ সময় ‘ওয়েলকাম এক্সপ্রেসকে’ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘দোলা পরিবহনের’ যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাদের ফেরত দেওয়া হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।”

বাড়তি ভাড়া ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন চিতলমারীর নাজমুল শেখ নামের এক যাত্রী।  

তিনি বলেন, “গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করেছি। ঈদ শেষে ঢাকা যাব। টুঙ্গিপাড়া বাস কাউন্টারে ৫৫০ টাকা টিকেটে ১ হাজার টাকা নিয়েছিল। ঠিক সেই সময় ম্যাজিস্ট্রেট কাউন্টারে অভিযান পরিচালনা করে আমাদের বাড়তি টাকা ফেরত দিয়েছেন। নিয়মিত এমন অভিযান চললে আমার মত আরও অনেক যাত্রী স্বস্তি পেত।”

টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের শাম্মী আক্তার বলেন, “স্বামীর চাকরির সুবাদে ঢাকা থাকতে হয়। টুঙ্গিপাড়া ভাইয়ের বাড়িতে ঈদ করে ফেরার পথে দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট নিতে হয়েছিল। ইউএনওর মাধ্যমে বাড়তি ভাড়া ফেরত পেয়েছি।”