Published : 03 Jun 2026, 09:24 PM
হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল ২-০ গোলে পরাজিত হয়।
এ সময় ধারাভাষ্যকারের মাইকে দেওয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
বুধবার দুপুরে এ ঘটনার জেরে দুপক্ষের লোকজন আবারও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
ওসি জাহিদুল বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।