২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চা বাগানের ৩৫ একর খাস জমি উদ্ধার, ৩ জনের কারাদণ্ড

দণ্ড পাওয়াদের বিরুদ্ধে রেজিস্ট্রেশনবিহীন দলিল তৈরি করে জমি হস্তান্তর এবং চা শ্রমিকদের বসতভিটা থেকে উচ্ছেদ করার অভিযোগ রয়েছে।

সিলেটে চা বাগানের ৩৫ একর খাস জমি উদ্ধার, ৩ জনের কারাদণ্ড
সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগানের জমি দখল করে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগান এলাকার প্রায় ৩৫ একর খাস জমি উদ্ধার এবং ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

এ ছাড়া খাস জমি দখল করে বাড়ি নির্মাণ ও বিক্রির অভিযোগে তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

দণ্ড পাওয়ারা হলেন- চা বাগানের সাবেক ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন লিটন (৩৮), দলিল লেখক শাহজাহান ওমর এবং মোসাদ্দেক হোসেন কোরেশী।

ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, অভিযান চালানোর সময় উচ্ছেদে বাধা, অবৈধভাবে ও রেজিস্ট্রেশনবিহীন দলিল তৈরি করে জমি হস্তান্তর এবং চা শ্রমিকদের বসতভিটা থেকে উচ্ছেদ করার অপরাধে দুইজনকে আটক করা হয়। এ ছাড়া শুক্রবার রাতে একই অভিযোগে একজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সরকারি ভূমি দখল, কাঠামো নির্মাণ ও ক্ষতিসাধনের জন্য তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

এ ছাড়া অন্য দখলদারদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলা করা হয় বলে জানান ইউএনও খোশনূর রুবাইয়াৎ।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে খাদিমপাড়া এলাকার প্রায় ৩৫ একর খাস জমি দখল করে সেখানে বাড়ি নির্মাণ ও প্লট বিক্রি করে আসছিল একটি চক্র। এসব জমি খাদিমনগর চা-বাগানের তত্ত্বাবধানে থাকলেও সঠিকভাবে দেখভাল না হওয়ায় দখলদাররা সুযোগ নেয়। 

“দখলদাররা বাগান থেকে চা শ্রমিকদের তাড়িয়ে জাল দলিল তৈরি করে জমি বিক্রি করে আসছিল। সম্প্রতি স্থানীয় লোকজন আমার কাছে লিখিত অভিযোগ দেন। এরপর অভিযানে নেমে আমরা সত্যতা পাই।”

অভিযানে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আলীম উল্লাহ খান এবং সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন সিলেট মহানগর পুলিশ এবং আনসার সদস্যরা।

দীর্ঘদিন পর হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, চক্রটি অনেক প্রভশালী। জমি কেনা-বেচার পাশাপাশি তারা এখানে মাদকের আড্ডা বসিয়েছিল। তাদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায়নি।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান শামীম বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র এখানে জমি বিক্রি করে আসছিল। তারা ৩০০ টাকার স্ট্যাম্পে মালিকানা লিখে এই কাজ করে আসছিল বলে জেনেছি। সহজ-সরল মানুষদের টার্গেট করে তারা এই কাজটি করত।”