২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

পিয়াস ভূঁইয়া নামে জেলা ছাত্রলীগের এক নেতার নাম ওই পোস্টারে দেখা যায়।

বিডিনিউজ২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

লক্ষ্মীপুরে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফেস্টুনের উপর ‘শেখ হাসিনাতেই আস্থা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পোস্টার সাঁটানোর প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ছাত্রদল। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের উপকণ্ঠে এ মিছিল করে দলটির শতাধিক নেতাকর্মী। 

মিছিলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ছাত্রদল নেতা রিয়াদ পাটওয়ারী ও মো. নোবেলসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা ছিলেন। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে হুঁশিয়ার করে দলীয় বিভিন্ন শ্লোগান দেন। 

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় লক্ষ্মীপুর কলেজ রোডে খুঁটিতে সাঁটানো প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফেস্টুনের উপর শেখ হাসিনার ছবিসহ ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনাতেই আস্থা’, ‘আগেই ভালো ছিলাম’ স্লোগানের স্টিকার লাগানো হয়। শুক্রবার এটি সবার নজরে আসে।   

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি বলেন, “রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে দেয়ালে-দেয়ালে বিভিন্ন স্টিকার লাগানো হয়েছে। তাদের প্রতিহত করতে আমরা মাঠে রয়েছি। তাদের কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।”