২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-কভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ল অটোরিকশা, নিহত ৪

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 11:14 AM

Updated : 26 Aug 2026, 11:06 AM

গাজীপুরে ট্রাক ও কভার্ড ভ্যানের মাঝে চাপা পড়া এক অটোরিকশার ৪ যাত্রী প্রাণ হারিয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুলাল (২৭), মামুন (২৮), মামুন (২৪) ও সালেহা আক্তার (২৩)। ২৪ বছর বয়সী মামুন গাজীপুরের বাসন থানার নজরুল ইসলামের ছেলে, আর সালেহা চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। বাকি দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, বেপরোয়া গতির একটি ট্রাক সামনে থাকা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে অটোরিকশাটি সামনে থাকা কভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে দুই যানের মাঝে চাপা পড়ে। 

দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার চার যাত্রীর মধ্যে সালেহা ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি রাহেদুল।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফরহাদ বলেন, “রাত ১১টার দিকে দুজন এবং ১২টার দিকে আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। 

“তাদেরকে মৃত অবস্থায় আনা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে।” 

বাসন থানার ওসি রাহেদুল বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।