রাজশাহী বিভাগে ৭০ মামলায় হাজারের বেশি গ্রেপ্তার
গত কয়েকদিনে বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় ৭০টি মামলা হয়েছে রাজশাহী বিভাগে।
এসব মামলায় ১ হাজার ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) বিজয় বসাক জানান,
কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন থানায় সোমবার পর্যন্ত ৭০টি মামলা হয়েছে। এ সব মামলায় এজাহারভুক্ত আসামি ৯৭০ জন। গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৩৬৩ জন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, “অজ্ঞাত পরিচয় আরও অনেক আসামি রয়েছে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, “জেলার বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। এ সব মামলায় ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
“এছাড়া অজ্ঞাত পরিচয় অনেক আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আর রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম জানান।
তিনি বলেন, “এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০৬ জনকে। যাদের অধিকাংশই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। যাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার ভিডিও ফুটেজ দেখে।”
এদিকে এসব মামলায় গ্রেপ্তার আতঙ্কে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঘরছাড়া পালিয়ে বেড়াচ্ছেন বলে কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে সহিংসতার ঘটনায় জামায়াত-শিবির জড়িত নয় দাবি করে রাজশাহী জেলা পশ্চিম জামায়াতের সহ-সেক্রেটারি মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, “কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে জেলায় প্রায় ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার আতঙ্কে অনেকে ঘরছাড়া হয়েছে।”
এই ইস্যুকে কেন্দ্র করে পুলিশ জামায়াতের নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন ও হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের এ নেতা।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, “বহুদিন থেকেই তো এসব বলে আসছেন; এটা নতুন কিছু না। তবে সংবিধানে লেখা আছে প্রত্যেক নাগরিক দেশে নিজ নিজ ধর্ম ও রাজনীতি স্বাধীনভাবে পালন করতে পারবে।
“ইসলামেও স্বাধীন ভাবে নিজ ধর্ম ও রাজনীতি করার কথা উল্লেখ রয়েছে; এটা হলো প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।”
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলছিলেন, “১৯ জুলাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। কিন্তু উল্টো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
গত কয়েকদিনে বিএনপির শতাধীক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এরশাদ বলেন, “শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে হামলা করেছে। আর মামলার আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের। এভাবে বিএনপির নেতাকর্মী মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।”
র্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ কবীর বলছেন, “কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহীতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবির সরাসরি জড়িত। এ সব ঘটনায় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে সেটি জানা গেছে।”
র্যাব বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
র্যাবের এ কর্মকর্তা বলেন, “বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মী ছাড়াও ভাড়াটে কিছু সন্ত্রাসীও রয়েছে। যারা বিএনপি-জামায়াতের ভাড়াটে হিসেবে সহিংসতা করেছে।”
