১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে গরু বিক্রির ‘৭ লাখ টাকা’ ছিনতাই

হাট থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে আসা তিনজন ভটভটির গতিরোধ করে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে গরু বিক্রির ‘৭ লাখ টাকা’ ছিনতাই
সিরাজগঞ্জের কাজিপুর থানা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 04:38 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি হাটে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

রোববার বিকালে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতপুর রহমান।

আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মামলা করেছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, গরু ব্যবসায়ী রাজ্জাক উপজেলার সোনামুখী হাটে ছয় লাখ ৯০ হাজার টাকার গরু বিক্রি করে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন তাদের গতিরোধ করে। 

“তারা ধারাল অস্ত্র দিয়ে রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। হামলাকারীরা তার কাছে থাকা ছয় লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চরভানুডাঙ্গা সড়ক দিয়ে পালিয়ে যায়।”

পরে সঙ্গে থাকা অন্যরা রাজ্জাককে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার এক হাত ও মাথার এক পাশে সেলাই পড়েছে।

ওসি এনায়েতপুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।