২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির ‘দোনাগাজী পদক’ পেলেন সাত লেখক-শিল্পী

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চাঁদপুরের এ প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2026, 01:50 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমির উদ্যোগে দেওয়া ‘দোনাগাজী পদক’ পাচ্ছেন সাত লেখক-শিল্পী। 

শুক্রবার বেলা ১১টায় একাডেমি কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত এই ব্যক্তিদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি।

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। গতবছর এ ধারাবাহিকতায় বিরতি পড়ার পর এবার দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

এর আগে চাঁদপুর শহরের একটি রেস্তোরাঁয় একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে জুরিবোর্ডের বৈঠক হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের পদক প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

পদক প্রাপ্তরা হলেন: ২০২৫-এ কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম, সংগীতে রনক রায়হান; ২০২৬-এ কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত এবং লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।

বৈঠকে উপস্থিত ছিলেন জুরিবোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব দিলীপ ঘোষ, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, সমন্বয়কারী সাইফুল খান রাজীব, প্রাবন্ধিক লিটন শীল।

মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, “পুঁথিশিল্পী দোনাগাজী ছিলেন সতেরো শতকের কবি। তিনি প্রধানত রোমান্টিক ঘরানার কবি ছিলেন। বিখ্যাত প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ তাকে অমর করে রেখেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই তার নামে চর্যাপদ একাডেমি এ পদক দিয়ে আসছে।

একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ পদক তুলে দেওয়া হবে। এ ব্যাপারে উদযাপন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে।